আদমদীঘির শিয়ালশন-জিনইর রাস্তার বেহাল দশা। শত শত ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে পথচারী ও যানবাহন। একটু বৃষ্টির পানিতে সড়কগুলোর গর্ত ভরে থই থই অবস্থা। এই সড়কটি বিগত ৫/৬ বছরে সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জানা যায়, জনগুরুত্বপূর্ণ এ পাকা সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, অটোটেম্পু, রিক্সাভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। আক্কেলপুরের বাগেরবাড়িয়া, মারমা, বেগুনবাড়ীয়া, সোনাতপুর, চেচুরিয়া ও আদমদীঘি উপজেলার কাশিমালকুড়ি, কোমারপুর, মঙ্গলপুরসহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা, যশোহরসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের একমাত্র সড়ক হিসেবে ব্যবহার করে থাকে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় পাকা কংক্রিট উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিপাতে গর্তে পানি জমে চলাচলের বিঘ্ন ঘটছে। ফলে অল্প সময়ে যানবাহনের যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি জরুরিভাবে সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
