গতকাল রবিবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের কৃষিক্ষেত হতে বিএসএফ বাংলাদেশি ২ দিনমজুরকে ধরে নিয়ে গেছে। আটককৃত দুই দিনমজুর এ সময় তারকাঁটার এ পাশে ভারতীয়দের কৃষিক্ষেতে মজুর খাটছিলো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে টুঙ্গি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তারকাঁটা পার হয়ে এসে ধান ক্ষেতে কর্মরত গোয়ালপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (১৮) ও মকছেদ আলীর ছেলে ইমান আলীকে (২২) ধরে নিয়ে যায়। বিজিবি মেদিনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার তোতা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবির পক্ষ হতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
