সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫২
বরিশালে গণপূর্ত সচিবের মতবিনিময় বরিশাল অফিস \ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন রবিবার সার্কিট হাউজ মিলনায়তনে এখানকার গণপূর্ত জোনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক শহীদুল আলম, প্রধান প্রকৌশলী আবুল বসর, সহকারী প্রকৌশলী আব্দুল গনি ও নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পূর্বে এখানকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাসারকে প্রত্যাহারের দাবিতে সচিবের কাছে স্মারকলিপি প্রদান করে গণপূর্ত জোট ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। চাটখিলে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিল উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন শনিবার উপজেলা অডিটরিয়াম-কাম কমিউনিটি সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ফরিদ আহম্মেদ ভূইয়া। মুরাদনগরে ফ্রি চিকিত্সাসেবা ওষুধ বিতরণ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মুরাদনগরে ফ্রি চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। উপজেলার চন্দনাইল গ্রামের সাদা মনের মানুষ অ্যাড. সুধাংশু রঞ্জন সাহার উদ্যোগে রবিবার থেকে এলাকার চিকিত্সাবঞ্চিত জনগণের জন্য দু’দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপনে চিকিত্সা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি শুরু করা হয়। লাকসামে শিক্ষা উপকরণ বিতরণ লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার লাকসাম দলীয় কার্যালয়ে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিবিরের লাকসাম শহর শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মুহাঃ জয়নাল আবেদিন। সাভারে ফোয়াসের নির্বাচন ইত্তেফাক রিপোর্ট \ সাভারে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সংগঠন ফোয়াসের ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ এনামুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সীমা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সাংবাদিক গোবিন্দ আচার্য। কমলগঞ্জে শুরু হয়েছে ঝুলনযাত্রা উত্সব কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ শুক্রবার রাত থেকে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে ৫ দিনব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উত্সব শুরু হয়েছে। আলীনগর শিবমন্দির সংলগ্ন ঝুলন মন্ডপে পূজা অর্চনার মাধ্যমে ৫দিনব্যাপী ঝুলনযাত্রা শুরু হয়। উল্লাপাড়ায় বিএনপির গণসংযোগ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়া থানা বিএনপির নেতা-কর্মীরা কয়েকদিন যাবত্ বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করছে। বিশেষ করে অ্যাডভোকেট সিমকি ইমাম খান গতকাল রবিবার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। উল্লেখ্য তিনি এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সংঘর্ষ নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ শনিবার সন্ধ্যায় নগরকান্দা বাজারে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে যুবলীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় দু’ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সংঘর্ষে উভয় গ্রুপের ৩০ নেতাকর্মী আহত হয়। এসময় বাজারের প্রায় ২০টি দোকান ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। মেহেরপুরে নকল সিগারেট উদ্ধার গাংনী(মেহেরপুর) সংবাদদাতা\ প্রায় ২৪ লাখ টাকা মূল্যের নকল সিগারেট ও সিগারেট তৈরির সরঞ্জামাদিসহ সিরাজুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে র্যাব। রবিবার মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের একটি টীম সদর উপজেলার দীঘিরপাড়া নামক স্থান থেকে এ মালামাল উদ্ধার করে। আটক সিরাজুল দীঘিরপাড়ার মজিবুর রহমানের ছেলে। মেলান্দহে নারীর ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে মানবাধিকার সুরক্ষায় নারীর ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদু প্রদর্শনী ও আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ), মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদ যৌথভাবে এর আয়োজন করে। গোবিন্দগঞ্জে ফাসীতলা পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফাসীতলা ক্লাব ও পাঠাগারের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি হাসানুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কামারদহ চেয়ারম্যান মোমিরুল ইসলাম সিজু, সাবেক চেয়ারম্যান জিন্নাতুল ইসলাম কানু। চাঁদপুর-লাকসাম রেলের উন্নয়ন কাজ পরিদর্শন চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুর-লাকসাম রেলপথের ১৭৫ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী- ১ আবিদুর রহমান ও ঠিকাদার ভারতীয় কালিন্দি কোম্পানীর প্রতিনিধি পিকে সেনগুপ্ত। শনিবার ট্রলিতে তারা লাকসাম থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত রেলপথের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। বেলকুচিতে দরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি শনিবার বেলকুচি উপজেলা চত্বরে দুস্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন। উপজেলার ৩২টি পরিবারের মধ্যে ৩৪ বান্ডিল ঢেউটিন এবং প্রতি পরিবারকে তিন হাজার টাকা করে মোট ১ লাখ ২ হাজার টাকা মূল্যের চেক বিতরণ করেন। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দীর্ঘ প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের কলা ও মানবিক অনুষদের ডীন এবং ইংরেজি ও মানবিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহীত উল আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে মঙ্গলবার অপরাহ্নে যোগদান করেন। লন্ডনী বধূর খুনীদের ফাঁসি দাবিতে মানববন্ধন জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ চাঞ্চল্যকর লন্ডনী বধূ রেহেনা বেগমের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত ৫ শতাধিক নাগরিকের উপস্থিতিতে পৌর পয়েন্টে মানববন্ধন করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন এডভোকেট হোসেন আহমদ, লন্ডন প্রবাসী প্রফেসর খালিক মিয়া। কয়রায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার মতবিনিময় কয়রা(খুলনা) সংবাদদাতা \ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক কয়রা উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে শনিবার মতবিনিময় সভা করে। মত বিনিময়কালে তিনি আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন। মত বিনিময় সভায় উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কাঠালিয়ায় সর্প দংশনে বৃদ্ধার মৃত্যু কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা\ কাঠালিয়ায় সর্প দংশনে সাহেদা বেগম (৬৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা গেছে বন্দরের মুদি ব্যবসায়ী ফরিদউদ্দিনের মা সাহেদা বেগম শনিবার ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে বের হওয়ার সময় ঘরের বারান্দার দরজার পাশে থাকা বিষধর সাপ সাহেদা বেগমের পায়ে দংশন করে। সীতাকুন্ডে গলায় মাংস আটকে বৃদ্ধের মৃত্যু সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি \ চট্টগ্রামের সীতাকুন্ডে ভাত খাওয়ার সময় গলায় মাংস আটকে আব্দুল হামিদ নামে সত্তর বছরের এক বৃদ্ধ মারা গেছে। তিনি সীতাকুন্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামিয়ার পুত্র এবং পুলিশের সাবেক দারোগা। ১৭ আগস্ট পৌরসদরের মহাদেবপুর গ্রামের আব্দুল হামিদ (৭০) ভাত খাওয়ার সময় গলায় মাংস আটকে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে থাকে দ্রুত সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে নিয়ে যেতে বলে। চমেক হাসপাতলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মধুখালীতে পল্লী বিদ্যুতের বিদ্যুতায়ন অনুষ্ঠান মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ শনিবার ফরিদপুরের পল্লী বিদ্যুত্ সমিতির আওতায় মধুখালী উপজেলার নদীয়া বাজারকান্দি গ্রামের প্রায় দেড় কিলোমিটার এলাকায় ১১ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে বিদ্যুত্ লাইনের উদ্বোধন করা হয়। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান মঞ্জু। রূপগঞ্জের ফান্ডল্যান্ড পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পেরাব এলাকায় অবস্থিত ফান্ডল্যান্ড পার্ক মাঠে গত শনিবার ঈদ আনন্দ উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভুঁইয়া, নাসরিন হানিফ, তারাব পৌর সচিব তাজুল ইসলাম, কমিশনার মো. সোহেল মিয়া, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, সাংবাদিক জাকির হোসেন ঝন্টু, আবুল কালাম, রুহুল আমিন প্রমুখ। বাজিতপুর কলেজ লাইব্রেরিতে বই প্রদান বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \গত শনিবার শেরপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বাজিতপুর কলেজ লাইব্রেরিতে একটি ‘বুক কর্ণার’ স্থাপন করেছেন। তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে তার মা ও নানার নামানুসারে ‘ফুল ফারছু বুক কর্ণারে’ পড়ার চেয়ার, টেবিল এবং বিভিন্ন বিষয়ে গবেষণামূলক তিনশতাধিক বই ও জার্নাল প্রদান করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর হোসেন, কলেজ অধ্যক্ষ মোঃ নাজির উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অধ্যাপকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নোয়াখালীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার নোয়াখালী প্রতিনিধি \ পারিবারিক কলহের জেরে স্বামী আলাউদ্দিনের হাতে স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মাহফুজা আক্তার ইতি (১৯) খুন হয়েছে। এ অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ভোরে জেলা শহরের জেলা জামে মসজিদ সংলগ্ন কেচ্ছা কলোনীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক স্বামী আলাউদ্দিনকে (২৫) ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব সেনা’র উদ্যোগে স্থানীয় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, প্রাথমিক সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। লিবারেশন ওয়ার ফোর্সেস রিচার্স ফাউন্ডেশনের সমাবেশ নরসিংদী প্রতিনিধি \ লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে গত শনিবার নরসিংদী পৌর মিলনায়তনে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা শাখার সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিচারপতি মুনসুরুল হক চৌধুরী। বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার নুরুজ্জামান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আমজাদ খান, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন শিকদার, মোঃ আবুল হোসেন খান ও সেক্রেটারি জেনারেল সৈয়দ আব্দুল লতিফ। মুক্তিযোদ্ধা ভাতা সর্বনিম্ন ৫ হাজার টাকা করায় বক্তারা সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদন জানান।