আদিবাসী নেতা আলফ্রেড সরেনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল রবিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখা আয়োজিত এক কর্মসূচীতে আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। আলফ্রেড সরেনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে নওগাঁ জেলা প্রশাসকের অফিসে জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. এনামুল হকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ২০০০ সালে দুর্বৃত্তদের হামলায় নৃশংসভাবে খুন হন এই আদিবাসী নেতা।
