কক্সবাজারের রামুর পুন:নির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। গতকাল
রবিবার সকালে তিনি রামু সীমা বিহার পৌঁছালে বৌদ্ধ সমপ্রদায়ের লোকজন ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এসময় তিনি ভদন্ত সত্যপ্রিয় মহাথেরের সাথে সাক্ষাত্ করেন। পরে তিনি দেশের সর্ববৃহত্ রামু উত্তর মিঠাছড়ি বিদর্শন ভাবনা কেন্দ্রের ১০০ ফুট গৌতম বৌদ্ধ মূর্তি পরিদর্শন করেন।
ডা. দিপু মনি বলেন, শেখ হাসিনার সরকার সামপ্রদায়িক সমপ্রীতিতে বিশ্বাসী। গত বছর ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের সহিংতার পর পরই প্রধানমন্ত্রী রামুতে এসে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও বৌদ্ধপল্লী পরিদর্শন করে বৌদ্ধ সমপ্রদায়ের লোকজনের প্রতি সমবেদনা জানান। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার নতুন রূপে ও বসতিগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি তা পূরণ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতকালে ভদন্ত সত্যপ্রিয় মহাথের বলেন, অতি অল্প সময়ের মধ্যে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ বসতিগুলো নতুন ভাবে ফিরে পাওয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিন, পুলিশ সুপার আজাদ মিয়া, মহিলা সংসদ সদস্য এথিন রাখাইন, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুণাশ্রী ভিক্ষু, সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা প্রমুখ।
