জেলেরা নৌকা দিয়ে মাছ ধরেন। মাছ শিকার করে সেগুলো নৌকায় রাখেন। এটাই স্বাভাবিক। কিন্তু মাছ যদি নৌকার চেয়ে বড় হয়, তাহলেই বিপত্তি ঘটে। আর এই বিপত্তিতে পড়েছিলেন জার্মানির তিন জেলে। খবর ডেইলি মেইলের।
মার্কো লিবিনো নামের এক জেলে জানান, তারা তিনজনে আটলান্টিক মহাসাগরে নরওয়ের অধিকৃত এলাকায় মাছ ধরছিলেন। হঠাত্ করে তাদের বড়শিতে একটি কিছু ধরা পড়ে। তারা বড়শি উপরে তুলতে চেষ্টা করেন। তাদের মনে হয়েছিল, তারা হয়তো কোনো সাবমেরিন উপরে তুলছেন। কিন্তু তারা যে খারাপ কিছু ভেবেছিলেন তা কিন্তু নয়। সামুদ্রিক ওই মাছ তিনজনে মিলে দেড় ঘন্টা চেষ্টার পর উপরে তুলতে সক্ষম হন। কিন্তু তাদের ১৯ ফুট দৈর্ঘ্যের নৌকায় মাছটি রাখার জায়গা হচ্ছিল না। তখন মাছের লেজ একটি রশি দিয়ে বাঁধেন এবং পানিতে ভাসিয়ে স্থলভাগে নিয়ে আসতে সক্ষম হন। মাছের ওজন ছিল সোয়া পাঁচশ পাউন্ড। এত ওজনের মাছ শিকার বিশ্বে সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০০৪ সালে ৪১৯ পাউন্ড ওজনের মাছ পাওয়া গিয়েছিল।
