চলতি নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ধারণা করা হচ্ছে বর্তমান সংসদের এটিই হবে শেষ অধিবেশন। গত ৬ জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে ২৫ অক্টোবর সংসদ ভেঙ্গে দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রবিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় জানায়, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় ১৯তম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হবে। এর আগে একই দিন বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক।
বর্তমান সংসদের শেষ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। গত ১৮তম অধিবেশন শেষ হয় ১৬ জুলাই। আর প্রথম থেকে ১৮তম অধিবেশন পর্যন্ত ৩৯৪ কার্যদিবস ছিল। এরমধ্যে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল ৭৫ কার্যদিবস সংসদ অধিবেশনে উপস্থিত ছিল। সংসদ সচিবালয় আরো জানায়, অধিবেশন সংক্ষিপ্ত হবে। তবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে কত কার্যদিবস অধিবেশন চলবে।
