থ্রি-জির জন্য সব আবেদন গ্রহণযোগ্য

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:১২
বেসরকারি পাঁচটি মোবাইল ফোন অপারেটরকেই থ্রিজি তরঙ্গের নিলাম অংশগ্রহণের যোগ্য ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) তরঙ্গ বরাদ্দ পেতে গত ১২ আগস্ট এই নিলামে অংশ নেয়ার আবেদন করে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল। বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আব্দুস সামাদ গতকাল বলেন, অপারেটরদের আবেদন যাচাই করে আজ তাদের যোগ্য ঘোষণা করা হয়েছে। এই পাঁচ অপারেটরের বাইরে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক নিলামে অংশ নেবে বলেও কমিশনার জানান। এই ছয় অপারেটরকে নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর নিলাম হবে। জানা গেছে, বেসরকারি পাঁচ অপারেটরদের মধ্যে তিনটি ১৫ বছরের জন্য এই লাইসেন্স পাবে। আর নিলামে যে দর উঠবে, সেই পরিমাণ টাকা দিয়ে টেলিটককেও থ্রিজি সেবার লাইসেন্স নিতে হবে। প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২০ মিলিয়ন ডলার নির্ধারণ করে গত ১২ ফেব্রুয়ারি তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত হয়। নতুন অপারেটর হিসবে কোনো বিদেশি প্রতিষ্ঠানকে থ্রিজি লাইসেন্স দেয়ার কথা থাকলেও ১২ আগস্ট নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেনি। ওই লাইসেন্সটিও বিদ্যমান অন্য বেসরকারি অপারেটরকে দেয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি। রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক ইতোমধ্যে পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে।