‘পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন এদেশের বিজ্ঞানীরা’

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:২৭
বাংলাদেশের বিজ্ঞানীরা সোনালী আঁশ পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন। দীর্ঘদিন গবেষণা করে এই রহস্য উম্মোচন করা সম্ভব হয়েছে। এর ফলে দেশি পাটের মান আরও উন্নত হবে। গতকাল রবিবার গণভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সুখবর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে যারা গবেষণা করেছেন তাদের নামও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, এর আগে বিজ্ঞানীরা তোষা পাটের জীবন রহস্য উন্মোচন করেন। এবার তারা দেশি পাটেরও জীবন রহস্য আবিষ্কার করলেন। সোনালি আঁশ দেশের মানুষের জীবনে সোনালি হাসি ফিরিয়ে আনবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই আবিষ্কারের জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষক মাকসুদুল আলম বলেন, এখন বিশ্বে যেখানে পাট নিয়ে যে গবেষণাই হোক, কেউ আর আমাদের ইগনোর করতে পারবে না। পাটের সমস্ত রহস্য এখন আমাদের হাতে। গবেষণার সার্বিক অগ্রগতি জানতে সোমবার সকাল ১০টায় তার গবেষণা কেন্দ্রে সাংবাদিকদের যাওয়ার আমন্ত্রণ জানান মাকসুদুল আলম। এর আগে প্রথমবারের মতো তোষা পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচন করে বিশ্বে সাড়া ফেলে দেন এই বাংলাদেশি বিজ্ঞানী ও তার সহকর্মীরা। এরপর তারা উন্মোচন করেন ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন-নকশা, যা পাটসহ প্রায় ৫০০টি উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়। সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বক্তব্য রাখেন।