শিবির ক্যাডারদের হামলায় গুরুতর আহত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ব্লগার তন্ময় আহমেদ মুনকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ সময় তন্ময়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ রংপুর মেডিক্যাল কলেজের পিন্নু ছাত্রাবাসের আবাসিক ছাত্র এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিবিরকর্মী রায়হানকে আটক করে।
শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন তন্ময়ের ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। গতকাল রবিবার জিজ্ঞাসাবাদশেষে আটক শিবিরকর্মী রায়হানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়িতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সমপাদক তন্ময় আহমেদ মুনকে গত ১০ আগস্ট শিবিরকর্মীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুরে শিবির কর্মী রায়হান ডাক্তারদের এপ্রোন পরে তন্ময়ের ওয়ার্ডে ঢোকেন। এ সময় তন্ময় শিবির কর্মী রায়হানকে দেখে চিত্কার করলে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা রায়হানকে আটক করে। তন্ময়ের ধারণা, যে শিবিরকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে তাদের নির্দেশেই রায়হান তাকে হত্যার উদ্দেশ্যে এখানে এসেছিলো। এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা জানান, শিবিরকর্মী রায়হান কী উদ্দেশ্যে হাসপাতালে তন্ময়ের রুমে ঢুকেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মোটরসাইকেল মেকানিক মানিক মিয়ার পুত্র ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সমপাদক তন্ময় আহমেদ মুন গত ৬ আগস্ট পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি যান। ঈদের পরদিন শনিবার রাতে তন্ময় ৩ বন্ধুকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে ৩টি মোটরসাইকেলযোগ একদল মুখোশধারী সন্ত্রাসী তন্ময়কে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকলে তার বন্ধুরা পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তন্ময়ের মা ও তার বোনের অভিযোগ, ব্লগে লেখালেখির কারণে স্থানীয় শিবির ক্যাডাররা তার ওপর হামলা চালিয়েছে।
