সরবরাহ কম থাকায় পিঁয়াজের দাম বাড়ছে

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:৩১
সরবরাহ সংকটে প্রতিদিনই লাগামহীনভাবে বাড়ছে পিঁয়াজের দাম। পিঁয়াজের এই ‘ঝাঁজে’ রীতিমতো নাকাল ক্রেতারা। গতকাল রবিবার রাজধানীর খুচরাবাজারগুলোতে প্রতি কেজি আমদানিকৃত পিঁয়াজ ৯০ থেকে ৯১ টাকা ও দেশি পিঁয়াজ ৮৪ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়। যা আগের দিনের তুলায় পিঁয়াজভেদে ৬ থেকে ৭ টাকা বেশি। এদিকে পিঁয়াজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে স্বল্প আয়ের মানুষের। আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন, দেশে চাহিদার তুলনায় পিঁয়াজের সরবরাহ নেই। ভারতেও পিঁয়াজের দাম বেড়েছে। তাই সেখান থেকে পিঁয়াজের আমদানি অনেক কমে গেছে। আর সরবরাহ না থাকলে দাম বাড়বেই। তারা আরো জানান, যেভাবেই হোক পিঁয়াজের এই সংকট কাটাতে হবে। তা না হলে আগামী কোরবানীর ঈদের সময় পিঁয়াজ সংকট দেশে মারাত্মক আকার ধারণ করবে। এদিকে পিঁয়াজের এই সংকটে উদ্বিগ্ন সরকারও। সংকট কাটাতে অতি দ্রুত পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)’র মাধ্যমে আমদানিকৃত পিঁয়াজ স্বল্প মূল্যে বিক্রি করে বাজার নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সরকার কোন দেশ থেকে অতি দ্রুত পিঁয়াজ আমদানি করে সরবরাহ বাড়ানো যায় তা খতিয়ে দেখছে। সভায় কয়েকটি দেশে পিঁয়াজের খুচরা মূল্য কত এবং তা কত দ্রুত আমদানি করা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পিঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে পিঁয়াজ আমদানিকারক ব্যবসায়ী জালাল উদ্দিন খাঁ গতকাল ইত্তেফাককে বলেন, ভারতে দাম বাড়তে থাকায় প্রতিদিনই দেশে পিঁয়াজ আমদানি কমছে। ফলে দাম বাড়ছে। তিনি বলেন, ভারতের মহারাষ্ট্রের নাসিকে অতিবৃষ্টির ফলে পিঁয়াজের উত্পাদন কম হয়েছে। এছাড়া রাজস্থান ও মধ্যপ্রদেশে খরার ফলে প্রায় ৪০ শতাংশ ফলন কম হয়েছে। এরই বিরূপ প্রভাব পড়েছে ভারতের পিঁয়াজের বাজারে। তবে আমাদের দেশে এখনো ভারতের তুলনায় কম দামে পিঁয়াজ বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, দাম বাড়ায় মজুদদারসহ কৃষকদের কাছে দেশীয় পিঁয়াজের যে মজুদ ছিল তা এখন বিক্রি করা হচ্ছে। তবে এ অবস্থা খুব বেশি দিন চলবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেপ্টেম্বরে ভারতের অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে নতুন পিঁয়াজ উঠবে। এ পিঁয়াজ আসলেই বাজার স্বাভাবিক হবে বলে আশা করছি। আরেক পাইকারী পিঁয়াজ ব্যবসায়ী সোবাহান বলেন, দেশে পিঁয়াজের চাহিদার প্রায় অর্ধেক ভারত থেকে আমদানি করা হয়। তাই ভারতে দাম বাড়ায় এর বিরূপ প্রভাব পড়েছে আমাদের বাজারে। তাই আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করে পিঁয়াজ আমদানির বিকল্প বাজার রাখতে হবে।