পাবনায় ছাত্রশিবিরের হরতাল পালন

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:৩২
পুলিশের সাথে সংঘর্ষে শিবির নেতা খলিলুর রহমান মল্লিকের মৃত্যুর প্রতিবাদে ছাত্রশিবিরের ডাকে গতকাল রবিবার পাবনায় হয়েছে আধাবেলা হরতাল। সকাল ৬টা থেকে শুরু এ হরতাল চলে দুপুর ২টা পর্যন্ত। হরতালের শুরুতে পাবনা-নগরবাড়ী মহাসড়কের ক্যালিকো কটন মিল, জাফরাবাদ, ভাঙ্গাবাড়িয়া, পুষ্পপাড়া, মধুপুর, গঙ্গারামপুর, মাধপুর, দুলাই, কাশিনাথপুর, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের তেঁতুলতলা, দাশুড়িয়া, নওদাপাড়া, ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের মুন্নার মোড়, পাকশী, রূপপুর, ঈশ্বরদী-বাঘা সড়কের গোকুলনগর, বেড়া সিএনবি বাসস্ট্যান্ড, সাঁথিয়া উপজেলার সামনে, নন্দনপুর, চাকলা, জোরগাছা, করমজা, সদরের কোলাদীসহ বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। হরতাল চলাকালে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে হালকা যান চলাচল করতে দেখা গেছে। স্টেশনগুলো থেকে নির্ধারিত সময়ের ট্রেন ছেড়ে যায়। অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার যাত্রীরা পড়ে দুর্ভোগে।