উখিয়ায় দালালসহ মালয়েশিয়াগামী ৩৪ যুবক আটক

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:৩২
উখিয়ার উপকূলীয় এলাকা মনখালী চ্যানেল দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দালালের বাড়িতে অপেক্ষমাণ ৪ দালালসহ ৩৪ জনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। গতকাল রবিবার ভোর রাত ৪টার দিকে উখিয়া থানা পুলিশের একটি দল মনখালী গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করে। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে এরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছিল। পুলিশ জানিয়েছে, অভিযানের সময়ে অনেকে পালিয়ে গেছে। আটককৃতরা হচ্ছে সাতক্ষীরা মো: মান্নান (২১), নুরুল ইসলাম (২৫), রেজাউল (২৮), বেলাল হোসেন (৩২), মাসুদ রানা (২৭), মহেষখালী এলাকার নেজাম উদ্দিন (২২), যশোরের আবু সাইদ (২০), নজরুল ইসলাম (২২), মিন্টু (২৭), মো: মালেক (৩৮), মিজানুর রহমান (২০), আব্দুল গণি (২২), মিন্টু হোছন (২৮), সাদ্দাম হোসেন (২৬), টুটুল হোসেন (৩০), ঝিনাইদহের জসিম উদ্দিন (৩০), যশোরের মো: মাহাবুব (২২), শরিফুল ইসলাম (২৬), নরসিংহীর শহিদুল্লাহ (২৮), স্বপন মিয়া (২১), আবুল কাশেম (৪০), মো: ফরহাদ (২৫), সাতক্ষীরার জাহাঙ্গীর (২০), আনিসুর রহমান (২২), গোপালগঞ্জের আবু সাইদ (৩০), ঝিনাইদহের আলমগীর (২০), যশোরের লিটন হোসন (২৩), মো: মিলন (২৭), শরীয়তপুরের মোনাব্বির ইসলাম তানবীর (৩৮) ও সাতক্ষীরার মো: মান্নান (২১)। এ সময় পুলিশ উখিয়ার মনখালী গ্রামের মো: হোছন (৪৫), আব্দু রাজ্জাক (৩৫), নুরুল কবির (২৮) ও মো: ফায়সাল (৩৬) নামে চার দালালকে আটক করেছে। পুলিশের হাতে আটক যশোর মনিরাম উপজেলার মদনপুর গ্রামের আছদ আলীর ছেলে মো: মালেক সাংবাদিকদের জানান, জন প্রতি দুই লক্ষ টাকার চুক্তিতে তাদের মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার কথা ছিল। উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: ফারুক আহমদ জানান, এ ব্যাপারে উখিয়া থানায় আদম পাচার প্রতিরোধ আইনে-২০১২ একটি মামলা হয়েছে।