শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ১৯:২৬
ঈদের ছুটির পর ফের জমে উঠেছে শেয়ারবাজার। দিন দিন বাড়ছে শেয়ারবাজারের লেনদেন। এদিকে টানা পাঁচ দিন বাজারে সূচকের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ফলে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে। সামনে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা থাকলেও বাজার ভালো হতে থাকায় অনেকেই বিনিয়োগ করতে শুরু করেছেন। তবে কেউ কেউ এখনও বাজার পরিস্থিতি বিবেচনা করছেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তথ্যে দেখা গেছে, গতকাল সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৬৮ লাখ ৭৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২৬ কোটি টাকা ২৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। ডিএসই’র তথ্যে দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভূক্ত আর্গন ডেনিমসের মুনাফা বেড়েছে। ৩০ জুন ২০১৩ (জানু-জুন’১৩) অর্ধবার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১১ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো যথাক্রমে ৫ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা এবং ১ দশমিক ২৬ টাকা।