অধ্যায়ের প্রতিটি পয়েন্ট সূক্ষভাবে বিশ্লেষণ করে পড়তে হবে
ুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ২০১৪ সালে প্রথম বারের মত উচ্চমাধ্যমিক পর্যায়ে সারা বাংলাদেশে একযোগে হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে হতে যাচ্ছে। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা শুরু হওয়ার প্রথম থেকেই এ বিষয়ে আমাদের শিক্ষার্থীসহ অভিভাবকদের বেশ ভয় ছিল যা বর্তমানে কিছুটা লাঘব হয়েছে। আরও আশার কথা হলো যে, যদি শিক্ষার্থীসহ সকলের সৃজনশীল পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে তাহলে এটি কোন কঠিন বিষয় নয়। এটি সহজ, মানসম্মত এবং বর্তমান শিক্ষানীতির জন্য একটি যথাযথ সিদ্ধান্ত। এ বিষয়ে শিক্ষার্থীকে স্পষ্ট ধারণা দেয়ার জন্য আজকে হিসাববিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
সৃজনশীল প্রশ্ন- ৬০ নম্বর
মোট নয়টি প্রশ্ন থাকবে। তন্মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান হবে ১০ (দশ) নম্বর। ‘ক’ বিভাগে চূড়ান্ত হিসাব থেকে ২টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং ‘খ’ বিভাগে সিলেবাসের বাকি অংশ থেকে ৭টি প্রশ্ন থাকবে। ‘ক’ বিভাগে ২টি প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামূলক এবং ‘খ’ বিভাগ থেকে যেকোন ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। হিসাববিজ্ঞান বিষয়ের সকল সৃজনশীল প্রশ্ন গাণিতিক কিংবা প্রায়োগিক সমস্যা সংক্রান্ত হবে। প্রতিটি প্রশ্নে ক, খ ও গ ৩টি অংশ থাকবে। এদের নম্বর হবে যথাক্রমে ২, ৪, ৪। প্রশ্নের ক অংশ সহজ, খ অংশ কঠিন এবং গ অংশকে কঠিনতর নামে অবহিত করা হয়। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকগণ প্রশ্নের স্তর, কাঠিন্যের মাত্রা ও আনুসাঙ্গিক বিষয় বিবেচনা করেই উত্তরপত্র মূল্যায়ন করবেন।
‘ক’ সহজ অংশ
যেহেতু প্রশ্নের ‘ক’ অংশটি সহজ নামে পরিচিত, তাই বুঝা যায় যে এই অংশের প্রশ্নটি সহজ হবে। এটি অধ্যায়ের কোন বিষয়বস্তু বা ধারণা থেকে হতে পারে। এ অংশে এক বা দুই ধাপের সামান্য গণনা কার্য থাকতে পারে। কারণ এই অংশের নম্বর ২। তাই এ অংশটি বেশি বড় বা জটিল হওয়ার সম্ভাবনা কম।
‘খ’ অংশ কঠিন
যেহেতু প্রশ্নের এই অংশটি কঠিন নামে পরিচিত তাই এখানের প্রশ্নটি সামান্য কঠিন হওয়াই স্বাভাবিক। ‘খ’ অংশের যথাযথ সমাধান করার জন্য সংশ্লিষ্ট অধ্যায় সম্পর্কে প্রত্যেকে সুষ্পষ্ট ধারণা রাখতে হবে। অধ্যায়ের প্রতিটি পয়েন্ট সূক্ষভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। এই অংশের প্রশ্ন গতানুগতিক নাও হতে পারে। তাই বিকল্প প্রশ্ন সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে। বিষয়টি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। যেমন : লাভ-লোকসান হিসাব প্রস্তুত কর -একথা না বলে বলতে পারে যে, পরোক্ষ আয় ও পরোক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করে পার্থক্য দেখাও।
‘গ’ অংশ কঠিনতর
যেহেতু এই অংশটির নাম কঠিনতর। তাই স্বাভাবিকভাবে একটু কঠিন প্রশ্ন হতে পারে বলে ধারণা করা যায়। এই অংশের প্রশ্নটি হবে এমনভাবে যেন শুধু মেধাবী শিক্ষার্থীরাই উত্তর দিতে পারে। অর্থাত্ যারা লেখাপড়া কম করে বা অমনোযোগী তারা যেন অনুমানের উপর ভিত্তি করে এই অংশের উত্তর দিতে না পারে। তাই ‘গ’ অংশটি সমাধান করার জন্য প্রতিটি অধ্যায় এবং অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বর্তমান শিক্ষাব্যবস্থা জাতিকে মেধাবী করে তোলার জন্য একটি যুগোপযোগী সিদ্ধান্ত। যা তরুণ প্রজন্মের মেধা বিকাশে একটি কার্যকর ব্যবস্থা। নিয়মিত অনুশীলন করলে প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই সৃজনশীল পদ্ধতিতে ভালো ফলাফল করবে বলে আমি বিশ্বাস করি এবং সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখবে বলেও আমার বিশ্বাস।
লেখক, মাস্টার ট্রেইনার ও প্রশিক্ষক- সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন ও উত্তর পত্র মূল্যায়ন (কলেজ পর্যায়)
আগামীকালের প্রসঙ্গ সৃজনশীলে হিসাববিজ্ঞান বহুনির্বাচনি
