পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করার পর আগামী নভেম্বর পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি অবসর নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর এই পদটিতে তার উত্তরসূরী কে হতে চলেছেন তাই নিয়ে জল্পনা চলেছে। প্রকাশ্যে এ বিষয়ে কোনো কথা শোনা না গেলেও সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ ও কূটনীতিকদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাত্কারে কয়েকটি নাম উঠে এসেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো: বর্তমান চীফ অব জেনারেল স্টাফ জেনারেল রাশেদ মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক সমন্বয়কারী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তারিক খান এবং কায়ানির পর পাকিস্তান সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হারুন আসলাম।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মে মাসে পাকিস্তানের ক্ষমতায় এসেছেন। কায়ানির উত্তরসূরী ঠিক করাই হবে এখন তার জন্য সবচেয়ে কঠিন কাজ। পাকিস্তানের ইতিহাসে দেশটি বেশিরভাগ সময়ই সামরিক শাসনের যাঁতাকলে ছিল, আর সামরিক শাসন প্রধানত সেনাপ্রধানদের সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই শুরু হয়। তাই উচ্চাকাঙ্ক্ষাহীন পেশাদার মনোভাবের সেনাপ্রধান পছন্দ করার দিকেই নির্বাচিত প্রধানমন্ত্রীর লক্ষ্য থাকবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের ইতিহাসে গত পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সরকারই একমাত্র সরকার যারা ক্ষমতার মেয়াদ শেষ করতে পেরেছে। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই প্রথম পাকিস্তানের ক্ষমতার পরিবর্তন হয়েছে। ক্ষমতায় এসেছে নওয়াজ শরীফের (মুসলিম লীগ-নওয়াজ) সরকার। এর আগে কখনোই গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকারকে মেয়াদ পূর্ণ করতে দেয়নি সেনাবাহিনী।
