নতুন বউকে নিয়ে ফিরছিল বরযাত্রীরা, এমন সময় হঠাত্ পাহাড়ি ঢল এসে ভাসিয়ে নিয়ে গেল সবাইকে। মারা গেলো বরসহ অন্তত ২৭ জন মানুষ, নিখোঁজ রয়েছেন ৪২ জনেরও বেশি, তবে বেঁচে গেছেন নববধূ। ইয়েমেনের তিয়াজ ও ইব্ব প্রদেশের মধ্যবর্তী ওয়াদি নাখলা উপত্যকায় এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছেন ইয়েমেনের শারা’আব প্রদেশের কর্মকর্তারা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন তারা। তিনটি গাড়িতে করে বিয়ের অনুষ্ঠান থেকে বরের বাড়িতে ফিরছিলেন বরযাত্রীরা। ঘটনাস্থল থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রিয় গণমাধ্যম। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। গত দু’দিনে একই ধরনের পাহাড়ি ঢলে আরো অন্তত ১০ জন মারা গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আল-কায়েদার বিদ্রোহ কবলিত ইয়েমেন বিশ্বের অন্যতম দরিদ্র দেশ।
