আদালতে মামলার দরুন লালমনিরহাট সদর উপজেলার কাশীপুর হাই স্কুলের ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী গত জুন, জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পাননি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায় জানান, বিদ্যালয় পরিচালক কমিটির নির্বাচন নিয়ে ৩ জন অভিভাবক আদালতে মামলা করেন। আদালত গত ২৯ জুন কাশীপুর হাই স্কুলের নির্বাচিত কমিটি কার্যক্রম বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ফলে সভাপতির স্বাক্ষর ছাড়া ব্যাংক থেকে বেতন উত্তোলন করা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, পরবর্তীতে কোর্ট অনুমতি নিয়ে জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরে বেতন উত্তোলন করার ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয় কমিটি গঠন নিয়ে কয়েক বছর ধরে মামলা মকদ্দমা চলছে। ইতোমধ্যে ৫টি মামলা খারিজ হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক, কর্মচারী নিয়োগের ক্ষমতা বন্ধ করা না পর্যন্ত মামলা মোকদ্দমা অব্যাহত থাকবে বলে শিক্ষকরা অভিমত ব্যক্ত করেছেন।
