জামালপুর জেনারেল হাসপাতাল দালাল চক্রের হাতে জিম্মি

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:০৪
জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি একটি স্থানীয় সংঘবদ্ধ দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। এদের দাপটে স্থবির হয়ে পড়ছে রোগিদের চিকিত্সা কার্যক্রম। ডাক্তার ও নার্সসহ রোগিরা থাকেন আতংকের মধ্যে। অভিযোগে জানা যায়, এ দালাল চক্র দূর-দূরান্ত থেকে হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগী নিয়ে প্রথমে টানা-হেঁচড়া শুরু করে। পরে রোগির ডাক্তারী পরীক্ষা দেয়া মাত্র প্যাথলোজিক্যাল টেস্টের নামে তাদের নির্দিষ্ট ক্লিনিকে যেতে বাধ্য করে থাকে। এসব ক্লিনিক কিংবা প্যাথলোজিক্যাল ল্যাবের টেকনিশিয়ানদের নেই কোন প্রশিক্ষণ, নেই কোন সনদ, তবুও পরীক্ষার রিপোর্ট তৈরি করে দেদারসে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এ ছাড়া হাসপাতাল সংলগ্ন ফার্মেসী, ক্লিনিক এবং ল্যাবরেটরী মালিকদের রয়েছে বেশ কিছু চিহ্নিত সংঘবদ্ধ দালাল। এ দালাল চক্র হাসপাতালটিকে জিম্মি করে রেখেছে। জরুরি বিভাগ, বহির্বিভাগ এমনকি প্যাথলোজিক্যাল বিভাগসহ হাসপাতালের আনাচে-কানাচে ওই দালাল চক্রের দখলে। তারা চিকিত্সা নিতে আসা রোগীদের কাছ থেকে অর্থ নিয়ে নিজের আত্মীয় পরিচয়ে হাসপাতালে ভর্তি করে। শুধু তাই নয় অপারেশন করিয়ে দেয়ার কথা বলে রোগিদের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। এসব দালালদের অত্যাচারে জামালপুর হাসপাতালের ডাক্তার, নার্সসহ রোগিরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ থেকে পরিত্রাণ চান তারা।