প্রাক্তন জাতীয় দাবাড়ু ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিসটিবিউশন দাবা দলের ম্যানেজার সাইফ উদ্দীন লাভলু ফিদে মাস্টার খেতাব লাভ করেছেন। লাভলু হলেন দেশের ১৪তম ফিদে মাস্টার। তিনি প্রথমেই ২৩১৫ রেটিং অর্জন করায় বর্তমান নিয়মে তাকে ফিদে মাস্টার খেতাব দেয়া হয়। তিনি ১৯৯৬ ও ২০০০ সনে বিশ্ব দাবা অলিম্পিয়াডে যথাক্রমে আর্মেনিয়া ও তুরস্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৯৫ ও ১৯৯৬ সনে জাতীয় দাবায় তিনি তৃতীয় স্থান লাভ করেন। ১৯৮০ সন হতে তিনি নিয়মিত প্রথম বিভাগ দাবা লিগ এবং প্রিমিয়ার দাবা লিগে অংশগ্রহণ করেন। দাবা ফেডারেশন বর্তমান কার্যনির্বাহী কমিটির তিনি সদস্য। ২০১২ সনের সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিটিজ দলগত দাবার ঢাকা সিটি দলের তিনি অধিনায়ক ছিলেন।
দাবা বাছাই শুরু আজ
৩৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলা আজ বেলা তিনটা হতে দাবা ফেডারেশনের কক্ষে শুরু হবে। সকল বয়সী মহিলা ও বালিকাদের জন্য এ ইভেন্টে অংশগ্রহণ উন্মুক্ত। এন্ট্রি ফি লাগবে না। সাত রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে খেলা। শীর্ষস্থান প্রাপ্ত সাত দাবাড়ু ৩৪তম জাতীয় মহিলা দাবার চূড়ান্ত পর্বে খেলবেন। ইতিমধ্যে ঢাকা শহর এবং বিভিন্ন জেলা হতে ৩০ জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণের জন্য নাম জমা দিয়েছেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের বেলা আড়াইটার মধ্যে খেলার কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।
