অনন্য উচ্চতায় বোল্ট

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:২৮
স্প্রিন্টের দুই ইভেন্টে আবারও শ্রেষ্ঠত্ব দেখিয়ে সর্বকালের সেরা হওয়ার পথে আগেই আরেক ধাপ এগিয়ে গিয়েছিলেন উসাইন বোল্ট। মস্কোতে রবিবার বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ৪x১০০ মিটারে স্বর্ণ জ্যামাইকা দলকে স্বর্ণ জিতিয়ে নিজেকে তুলে নিলেন অনন্য এক উচ্চতায়। ফিনিশিং লাইনে পোঁছতে বোল্ট ৩৭ দশমিক ৩৬ সেকেন্ড সময় নেন। রিলেতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান লাভ করে। এই জয়ের ফলে বোল্ট নাম লেখালেন মাইকেল জনসন, ফেলিক্স এবং লুইসের পাশে; এরা প্রত্যেকেই আটটি করে স্বর্ণ জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। ১০০ মিটার ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী এবং ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ট্রেবল জেতা বোল্ট বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপেও তিনটি স্বর্ণ জয়ের পর বললেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা। আমি আমার জয়ের এই ধারা বজায় রাখবো। চলবে আমার কঠোর পরিশ্রম। আমার লক্ষ্য হলো নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া।’ বোল্ট নিজে যেমন অন্য উচ্চতায় তুলে নিচ্ছেন নিজেকে; অ্যাথলেটিক বিশ্বও মানছে, তার তুলনীয় আসলেই কেউ নেই। সর্বশেষ এই কীর্তির পর বোল্ট সম্পর্কে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট মাইকেল জনসন বলছিলেন, ‘বোল্টই নাম্বার ওয়ান। এটা নিয়ে কোনো বিতর্কই চলতে পারে না। আপনি বোল্টের তুলনা অন্য কারো সাথেই করতে পারেন না। অনেক প্রতিভাবান অ্যাথলেট আছেন সত্য। কিন্তু বোল্টের প্রতিভা সবার উপরে।’ জামাইকার রিলে জেতার পথে সব থেকে বড়ো বাধা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ১০০ মিটারের রানার আপ জাস্টিন গ্যাটলিন বোল্টের হাত থেকে এই শিরোপা প্রায় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে তিনি ডিসকোয়ালিফাইড হন। ষষ্ঠ দ্রুততম সময়ে এই রিলে শেষ করা আত্মবিশ্বাসী বোল্ট অবশ্য এটাকে গুরুত্ব দিতে চান না। তিনি বলেন, ‘আমি জাস্টিনকে নিয়ে মোটেও চিন্তিত ছিলাম না। সে যদি আমার থেকে এগিয়েও যেত, তাহলেও আমি তাকে ধরে ফেলতাম।’ গ্যাটলিন অবশ্য তার কথায় বোল্টের এই সফলতায় তার প্রতি মুগ্ধতা-ই প্রকাশ করলেন। তিনি বলেন, ‘আপনাকে দেখার জন্য যখন স্টেডিয়াম দর্শকে ভরে যাবে এবং আপনি তাদেরকে ধরে রাখতে পারবেন তখন বুঝতে হবে আপনি সত্যিই অসাধারণ মেধাবী।’ মেয়েদের ৪ x ১০০ রিলেতেও স্বর্ণ জয় করেছেন জমাইক্যা মেয়েরা। সাতটি স্বর্ণ নিয়ে শিরোপা টেবিলের শীর্ষে থেকে বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে শেষ করেছে রাশিয়া। আর ছয়টি স্বর্ণ পদক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আছে দ্বিতীয় অবস্থানে। জামাইকার ঝুলিতেও সাতটি স্বর্ণ পদক আছে এবারের আসরে।