উপজেলার মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কার্যাদেশ দেয়ার ৪ মাস অতিবাহিত হলেও কাজ শুরু না করায় খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা পাঠদান নিচ্ছে। জানা যায়, মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভবন দীর্ঘদিন থেকে জরাজীর্ণ থাকায় লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হওয়ায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে দরপত্র আহবান করলে ঠিকাদারী প্রতিষ্ঠান গত মার্চ মাসে কার্যাদেশ পায়। কাজ পাওয়ার ৪ মাস অতিবাহিত হলেও অদ্যাবধি বিদ্যালয়টিতে কাজ না করায় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠদান করছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক আশরাফুজ্জামান সরকার জানান, দীর্ঘ ৪ মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট ঠিকাদার আজও কাজ আরম্ভ করেনি। তাই শিশুরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠে বসে ক্লাস করছে। উপজেলা প্রকৌশলী জানান- দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারকে তাগাদা দেয়া হয়েছে।
