কর্মকর্তা-কর্মচারী সংকটে কুমিল্লা শিক্ষা বোর্ড

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪০
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জনবল সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বোর্ডের অনুমোদিত জনবলের সংখ্যা প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ২১০ হলেও বর্তমানে কর্মরত রয়েছে মাত্র ১০৬ জন। জানা যায়, ১৯৬২ সালে চট্টগ্রাম বিভাগের ১৫টি জেলা নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের যাত্রা শুরু হয়। স্কুল-কলেজ বৃদ্ধির ফলে ১৯৯৬ সালে স্থাপিত হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ২০০১ সালে সিলেট শিক্ষা বোর্ড স্থাপিত হয়। বর্তমানে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৯০০টি বিদ্যালয় এবং ৩১৩টি কলেজ রয়েছে। এ বোর্ডে ২৪টি প্রথম শ্রেণির কর্মকর্তার পদের ৮টি এবং দ্বিতীয় শ্রেণির ১৯টি পদের ১৮টি। তৃতীয় শ্রেণির কর্মচারীর ১০৬টি পদের মধ্যে ৬৪টি এবং চতুর্থ শ্রেণির ৬১টি পদের মধ্যে ১৪টি পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. অলিউর রহমান জানান, দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষা বোর্ডে কর্মকর্তা-কর্মচারীর সংকট দেখা দিয়েছে। নতুন নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এসব শূন্য পদ খুব শীঘ্রই পূরণ করা হবে।