লক্ষ্মীপুর জেলায় ১৯৪টি এমপিওভুক্ত বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। তন্মধ্যে রায়পুর উপজেলায় ২৯টি, লক্ষ্মীপুর সদর উপজেলা ৬৫টি, রামগতি উপজেলায় ৩৫টি, রামগঞ্জ উপজেলায় ৩৬টি ও কমলনগর উপজেলায় ২৯টি। ’৭৪ সাল হতে পরবর্তী সময়ে এ সকল বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছিল। জুনের শেষের দিকে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রেরিত প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাস হতে সরকারিকরণ আরম্ভ হওয়ার সময় ধরা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার জানান, সরকারিকরণের সময় হতে বিদ্যালয় শিক্ষকগণ সরকারের সকল সুযোগ-সুবিধা পাবেন। সরকারিকরণ হওয়া বিদ্যালয়সমূহের জমি, গৃহ, নগদ তহবিলসহ যাবতীয় সম্পদ সরকারের অনুকূলে আনা হয়েছে। বিদ্যালয়গুলোতে নতুন পরিচালনা কমিটি গঠনসহ প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার পদ সৃষ্টি করা হবে।
