লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্যপদে (মেম্বার) উপ-নির্বাচনে মোঃ মাসুদ আহমেদ বেপারী ৮১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল শেখ ৬৬৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। রবিবার অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে মোট চারজন প্রার্থী থাকলেও মূলত মাসুদ আহমেদ ও দুলাল শেখের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মিলন কৃষ্ণ হালদার জানান, এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০০১ জন ও নারী ভোটার সংখ্যা ৯৬০। উল্লেখ্য, গত ৫ মে মেম্বার নুর মোহাম্মদ বেপারীর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
