মতলব উত্তর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের মিয়াজী হত্যাকাণ্ডের প্রতিবাদে নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গত শনিবার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এনামুল হক। বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক শহিদ উল্যাহ প্রধান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক কামরুল আহসান, কোষাধ্যক্ষ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনছুর আহম্মেদ, সদস্য এসএম সফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক এ কে আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
গত ৯ আগস্ট গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখম হয় শিক্ষক আবু তাহের মিয়াজী। ৫ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গত ১৪ আগস্ট সে মারা যান। বক্তারা বলেন, ২৬ আগস্টের মধ্যে আবু তাহের হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা না হলে হরিণা-সুজাতপুর মহাসড়ক অবরোধ করা এবং টানা কর্মসূচি গ্রহণ করা হবে।
