নাটোরের সিংড়ার কলম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেলের ভাই কৃষক মোহাম্মাদ মোল্লাকে (৫৫) মাথায় গুলি ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার সকালে নাজিরপুর হাট থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। সিংড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠায়। নিহত মোহাম্মাদ উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। কৃষক মোহাম্মাদ পাট বিক্রি করতে নাজিরপুর হাটে যায়। হাট থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে চামারী ইউনিয়নের চক কালিকাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মাইক্রোযোগে করিমের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দ্বারা প্রথমে পায়ে ও পরে ঘাড়ে কোপ দেয়। পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
