ঝিনাইদহে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা পেতে দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কলেজ ছাত্রী আহত হয়েছে। গত রবিবার সকাল সাড়ে ১১টার ঝিনাইদহ পৌর এলাকার মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাশেদ আহমেদ (২০) নামে এক বখাটেকে আটক করেছে। আহত কলেজ ছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার এএসআই ইমরুল হোসেন জানান, ঝিনাইদহের ওই ছাত্রীকে রাশেদ নামে এক বখাটে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়। রবিবার মেয়েটি বান্ধবীদের সাথে মুরারিদহ গ্রামের বিনোদনের স্থান সলিম চৌধুরির বাড়ি দেখতে যায়। সেখানে রাশেদ কয়েকজন সঙ্গী নিয়ে হাজির হয়। তারা মেয়েটিকে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। মেয়েটি স্ট্যাম্পটি নিয়ে ছিঁড়ে ফেলে। এতে রাশেদ ও তারা সঙ্গীরা মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে। তাদের হাত থেকে নিজেকে রক্ষার জন্য ওই বাড়ির ছাদ থেকে ছাত্রীটি লাফ দেয়। এতে সে আহত হয়। অন্যরা বলে সে অপমানে আত্মহত্যার চেষ্টা করে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ রাশেদকে আটক করে থানায় নিয়ে আসে।
