ভারতে বাংলাদেশ মিশনকে তত্পর থাকার পরামর্শ

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৪২
ভারতের আদালতে বাংলাদেশের মেয়ে ফেলানী হত্যার বিচারের অগ্রগতি দেশবাসীকে অবহিত করতে ভারতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের তত্পর থাকতে বলা হয়েছে। জাতীয় সংসদ ভবনে বেগম নিলুফার জাফর উল্লাহর সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মুলতবি বৈঠকে এ কথা বলা হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটি বৈঠকে ভারতের আদালতে এই প্রথম বাংলাদেশি নাগরিক ফেলানী হত্যার বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। ভারতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের তত্পর থাকতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে বিদেশে যে সব নতুন দূতাবাস খোলা হয়েছে এবং খোলার অপেক্ষায় রয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের সময় ২০১০ সালে ২১টি দেশে বাংলাদেশের দূতাবাস ও মিশন খোলার অনুমোদন প্রদান করা হয়েছে। এর মধ্যে নয়টি মিশন কার্যক্রম শুরু করেছে এবং তিনটি মিশন কার্যক্রম শুরুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিটি এসময় অবশিষ্ট দূতাবাস ও মিশনের কার্যক্রম দ্রুত শুরু করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, ইমরান আহমদ, জাহিদ মালেক, এএম মাহবুব উদ্দিন খোকন, হোসেন মকবুল শাহরিয়ার, নসরুল হামিদ এবং নাজমা আকতার বৈঠকে অংশগ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হকসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।