লাইসেন্সবিহীন এমএলএম ব্যবসায় জেল জরিমানা

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৪২
মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় করতে গেলে অবশ্যই সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ এই ব্যবসায় করলে তার জেল জরিমানা হবে। এমনই নিয়ম রেখে মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) ২০১৩ আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়। আগামী সংসদ অধিবেশনে খসড়াটি সংসদে উপস্থাপন হতে পারে। যারা এখন এমএলএম ব্যবসা করছে অধ্যাদেশ হওয়ার ৯০ দিনের মধ্যে তাদের লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা করলে নিম্নে পাঁচ বছর এবং সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। কোন কোম্পানি প্রতারণা করলে বা আইন ভঙ্গ করলে সরকার প্রজ্ঞাপন জারি করে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারবে এবং সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারবে। বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মুশাররফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, প্রতারণার হাত থেকে জনগণকে রক্ষা এবং এসব কোম্পানিকে আইনের আওতায় আনতে এই আইন করা হচ্ছে। এর সাথে মন্ত্রিসভা আইসিটি আইনের অপব্যবহার রোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশ ২০১৩’র খসড়ারও অনুমোদন দিয়েছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন-২০১৩’র খসড়া এবং সার্ক এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস (সাটিস)’র আওতায় সিডিউল অব স্পেসিফিক কমিটমেন্টস অনুমোদন করা হয়।