বিহারে এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত ৩৭

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৪৩
ভারতের বিহার রাজ্যে একটি এক্সপ্রেস ট্রেনের আঘাতে গতকাল সোমবার ভোরে অন্তত ৩৭ জন ব্যক্তি মারা গেছে। আহত হয়েছে ৩০ জনের বেশি। এদের বেশির ভাগই হিন্দু তীর্থযাত্রী। কর্মকর্তারা বলছেন, অনেকে আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। বিহারের রাজধানী পাটনার ১৮০ কিলোমিটার পূর্বে ধামারা ঘাট নামের এক ছোট শহরে এই দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রীরা যখন এক রেল স্টেশনে লাইনের উপর দিয়ে হেটে পার হচ্ছিলেন, তখন ট্রেনটি ভিড়ের ভেতর দিয়ে চলে যায়। নিহতদের ৩০ জন নারী, তিনজন শিশু এবং ৪ জন পুরুষ। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রেনের কয়েকটি বগিতে আগুন ধরিয়ে দেয় এবং স্টেশনে ব্যাপক ভাংচুর করে। ধামারা ঘাট একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থল। তীর্থযাত্রীরা কাছেই কাত্যায়নি মন্দিরে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। তাড়াহুড়া করে তীর্থযাত্রীরা ট্রেনলাইনের উপর দিয়ে অন্যপাশে যাবার সময় এই ঘটনা ঘটে। অনেক লোকের কোলাহলের কারণে রাজ্য-রানী এক্সপ্রেস নামক ট্রেনটির হুইসেলের শব্দ তারা শুনতে পায়নি। উল্লেখ্য, ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ ট্রেন দুর্ঘটনায় মারা যায়।