হিলি দিয়ে পিঁয়াজ আমদানি বন্ধ

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৪৩
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। গত রবিবার থেকে সীমান্তের ওপারে আটকা পড়েছে শত শত পেঁয়াজ বোঝাই ট্রাক। লোকসান গুনছেন আমদানিকারকরা। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সে দেশের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রফতানি নিরুত্সাহিত করছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজের জন্য ৬৫০ ডলার ঋণপত্রের সিলিং বেঁধে দেয়া হয়েছে। বাংলাদেশের যে সব আমদানিকারক ভারত থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য ৩৫০ ডলারে ঋণপত্র খুলেছিলেন, পরিস্থিতি বদলে যাওয়ায় তারা পড়েছেন বিপদে। ভারতীয় রফতানিকারকরা এখন বাংলাদেশের আমদানিকারকদের ঋণপত্রে আরো ৩০০ ডলার সংযুক্ত করতে বলছেন। আমদানিকারকদের সূত্রে আরো জানা গেছে, সম্প্রতি ডলারের তুলনায় ভারতের রুপির দাম কমে যাওয়ায় পরিস্থিতি আরো নাজুক হয়ে গেছে। হিলি স্থলবন্দরের সহকারী কমিশনার মাজেদুল হক জানান, ঈদের পর গত পাঁচ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ৪০৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও রবিবার থেকে পেঁয়াজ নিয়ে কোন ট্রাক বন্দরে প্রবেশ করেনি। আমদানিকারক আমিনুল ইসলাম আমিনার বলেন, ইতিমধ্যেই সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজ বৃষ্টিতে ভিজে পঁচতে শুরু করেছে। তিনি আরো বলেন, ৩০০ ডলার সংযুক্ত করে ৬৫০ ডলারে পেঁয়াজ আমদানি করা হলে আমাদের মোটা অংকের লোকসান গুনতে হবে।