আগামী সপ্তাহ থেকে খোলাবাজারে পিঁয়াজ বিক্রি করবে টিসিবি

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৪৪
বাজার নিয়ন্ত্রণে ৫ হাজার টন পিঁয়াজ আমদানি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আমদানি করা এই পিঁয়াজ আগামী সপ্তাহ থেকে খোলা বাজারে স্বল্পমূল্যে ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। গতকাল সোমবার টিসিবির বোর্ডসভায় জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেছেন, সরাসরি, কোটেশন ও টেন্ডার-এই তিন পদ্ধতিতে পিঁয়াজ আমদানি করা হবে। আশা করা হচ্ছে, টিসিবি স্বল্পমূল্যে খোলা বাজারে পিঁয়াজ বিক্রি শুরু করলে দাম কমে আসবে। তবে আমদানি করা পিঁয়াজ খোলাবাজারে কত দামে বিক্রি করা হবে তা এখনো ঠিক হয়নি। উল্লেখ্য, বর্তমানে রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি আমদানিকৃত পিঁয়াজ ৮৮ থেকে ৯০ টাকা ও দেশি পিঁয়াজ ৮০ থেকে ৮২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর পিঁয়াজের এই ঝাঁজে ক্রেতারা রীতিমতো নাকাল। ব্যবসায়ীরা বলছেন, দেশে চাহিদার তুলনায় পিঁয়াজের সরবরাহ নেই। দাম বাড়ায় ভারত থেকে পিঁয়াজের আমদানি অনেক কমে গেছে। আর সরবরাহ না থাকলে দাম বাড়বেই।