সাধারণত অসুস্থ মানুষ সুস্থ হলে তার আনন্দের কমতি থাকে না। কিন্তু কাউকে মৃত ঘোষণার পর যদি সে জীবন ফিরে পায় তাহলে আনন্দটা কেমন হতে পারে সেটা যে কেউই ধারণা করতে পারেন। অস্ট্রেলিয়ার এক নারী মৃত্যু থেকে ফিরে এসে সেই রকম আনন্দ প্রকাশ করেছেন। খবর এনডিটিভি’র।
ভেনেসা তানাসিও নামের এক নারী গত সপ্তাহে হূদরোগে আক্রান্ত হয়ে মেলবোর্নের হাসপাতালে ভর্তি হন। দুইদিন হাসপাতালে থাকার পর ডাক্তাররা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। তখন তার পরিবার তাকে বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু হাসপাতালের ওয়ালি আহমার তাকে ছাড়তে চাননি। তখন পরিবারের সদস্যরা ডাক্তারের সঙ্গে একমত পোষণ করেন। এরপর ডাক্তার আহমার ‘লুকাস-২’ নামের একটি কমপ্রেসিভ ডিভাইস ব্যবহার করেন। ধীরে ধীরে তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন করতে শুরু করে। হঠাত্ করে তার হূদস্পন্দন ফিরে আসে। আহমার বলেন, এটা একটা মিরাকল বলতে পারেন। আমি স্বপ্নেও ভাবিনি এ ধরনের ঘটনা ঘটতে পারে। তিনি জানান, এটাই প্রথম ঘটনা যে এই যন্ত্র কোনো রোগীর ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করা সম্ভব হলো। তানাসিও আনন্দ প্রকাশ করে বলেন, আমার কাছে এটা অবাস্তব মনে হয়েছে। মৃত্যু থেকে জীবন ফিরে পাওয়া যে কতটা আনন্দের সেটি আমি বুঝতে পারছি।
