বগুড়া ও কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ৫ যুবক আটক

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২২:৫৪
বগুড়ার শাজাহানপুর ও কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা এলাকায় গতকাল সোমবার বিদেশি পিস্তলসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শাজাহানপুর উপজেলার আজিজ হাউজিং আবাসিক এলাকা থেকে পুলিশ চার যুবককে গ্রেফতার করে।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সকলেই শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা। গতকাল দুটি মোটর সাইকেলযোগে চলাচলের সময় তাদের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ সকলের দেহ তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে বিদেশি ম্যাগজিনসহ একটি অত্যাধুনিক পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান অস্ত্রসহ ৪ যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে রিপন ওরফে টিটু নামের এক যুবককে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার নগরীর দক্ষিণ চর্থা তালতলা চৌমুহনী এলাকায় টিটুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাসা থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ছিনতাইকৃত ৪৫ হাজার টাকা ও বেশ কয়েকটি মোটর সাইকেলের কাগজপত্র উদ্ধার করা হয়।