১৬টি প্রশ্নের যথাযথ সমাধান করার জন্য অবশ্যই কঠোর অনুশীলন করতে হবে
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ২০১৪ সালে প্রথম বারের মত উচ্চমাধ্যমিক পর্যায়ে সারা বাংলাদেশে একযোগে হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে হতে যাচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীকে স্পষ্ট ধারণা দেয়ার জন্য আজকে হিসাববিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
বহুনির্বাচনী- ৪০ নম্বর
বহুনির্বাচনি প্রশ্ন মোট ৪০টি থাকবে। ৪০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ। ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা হবে না। বইয়ের ১ম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় থেকেই কমপক্ষে ১টি প্রশ্ন অবশ্যই থাকবে। তবে থিওরিটিক্যাল অধ্যায়গুলো হতে প্রশ্ন একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মোট প্রশ্ন ৪টি স্তরে হবে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। এক্ষেত্রে মোট প্রশ্নের ৬০% অর্থাত্ (৪০x৬০%) = ২৪টি হবে জ্ঞান ও অনুধাবন এবং ৪০% অর্থাত্ (৪০x৪০%) = ১৬টি হবে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা থেকে। ২৪টি প্রশ্ন পাঠ্যবই থেকেই হবে কিন্তু ১৬টি প্রশ্ন অবশ্যই উদ্দীপকের আলোকে হবে। ১৬টি প্রশ্নের যথাযথ সমাধান করার জন্য অবশ্যই কঠোর অনুশীলন করতে হবে।
জ্ঞানমূলক ঃ
মোট প্রশ্নের ২৫% অথবা ৩৫% হবে জ্ঞান স্তরে। এ স্তরে প্রশ্ন পাঠ্য বইয়ের সরাসরি কোন বিষয় থেকে হবে যা মুখস্থ বা স্মৃতির মাধ্যমে উত্তর দেয়া সম্ভব হবে। তাই জ্ঞান স্তরের প্রশ্নের সঠিক উত্তর দেয়ার জন্য মূল বইয়ের প্রতিটি লাইন ভালোভাবে পড়তে হবে। এ স্তরের প্রশ্ন তুলনামূলক ভাবে সহজ হবে। এ স্তরের প্রশ্নের জন্য কোন উদ্দীপক ব্যবহার করা হবে না।
অনুধাবন মূলক ঃ
মোট প্রশ্নের ২৫%-৩৫% হবে এ অনুধাবন স্তরে। এখানে মূল বইয়ের কোন অংশ সরাসরি না দিলেও সামান্য ঘুরিয়ে পেছিয়ে দিতে পারে। এ ধরনের প্রশ্ন সম্পূর্ণ স্মৃতি নির্ভর বা মুখস্থ হবে না। অবশ্যই চিন্তা-ভাবনা করে এর উত্তর দিতে হবে। এ স্তরের প্রশ্নের জন্য কোন কোন ক্ষেত্রে উদ্দীপক ব্যবহার করা হতে পারে। আবার উদ্দীপক ছাড়াও হতে পারে। এ স্তরের প্রশ্নের উত্তর দেয়ার জন্য জ্ঞানমূলক প্রশ্ন গুলো
বিস্তারতি ভাবে বিশ্লেষণ করে পড়লে সঠিকভাবে উত্তর দেয়া যাবে বলে আমি মনে করি।
প্রয়োগমূলক ঃ
মোট প্রশ্নের ১৫%-২৫% প্রশ্ন হবে প্রয়োগ স্তরে। এ স্তরের প্রশ্ন কখনো স্মৃতি নির্ভর বা মুখস্থ হবে না। অবশ্যই উদ্দীপকের আলোকে এ স্তরের প্রশ্ন হবে। এই প্রশ্ন কিছু কঠিন হওয়াই স্বাভাবিক। এখানে গাণিতিক বা প্রয়োগিক প্রশ্ন হবে। এ ধরনের প্রশ্ন যথাযথ সমাধান করার জন্য অধ্যায়ের উপর যথেষ্ট পরিমাণ জ্ঞান এবং গাণিতিক সমস্যা সমাধান করার মত দক্ষতা থাকতে হবে। যেহেতু এ স্তরে কোন প্রশ্ন কোন বই থেকে সরাসরি হবে না। তাই বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার নিয়ম কানুন সঠিকভাবে জানা থাকলে এ স্তরের প্রশ্নের সঠিক উত্তর দেয়া যাবে বলে আমি মনে করি।
উচ্চতর দক্ষতা ঃ
মোট প্রশ্নের ১৫%-২৫% প্রশ্ন উচ্চতর দক্ষতা স্তরে হবে। এ স্তরের প্রশ্ন কখনো স্মৃতি নির্ভর বা মুখস্থ হবে না। অবশ্যই উদ্দীপকের আলোকে এ স্তরের প্রশ্ন হবে। এই প্রশ্ন যথেষ্ট কঠিন হওয়া স্বাভাবিক। জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ এই তিনটি স্তরের সমন্বয়ে এ স্তরে প্রশ্ন হবে। এ ধরনের প্রশ্নের উত্তর যথাযথভাবে দেয়ার জন্য প্রত্যেক অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো খুব দক্ষতার সাথে সমাধান করার মত ক্ষমতা অর্জন করতে হবে। পাশাপাশি হিসাববিজ্ঞান নীতি, তথ্য, ধারনাসহ থিওরীর উপর পর্যাপ্ত তথ্য সমৃদ্ধ হতে হবে।
প্রশ্নের ধরণ ঃ
এই চার স্তরের মোট ৪০টি প্রশ্ন ৩ ভাবে প্রশ্নপত্রে উপস্থাপন করা হবে। i) সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন ii) বহুপদী সমাপ্তীসূচক প্রশ্ন এবং iii) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন দ্বারা সাধারণত জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন করা যেতে পারে। যে ক্ষেত্রে প্রশ্নের একাধিক উত্তর থাকতে পারে বা বিষয়ের কোন বিস্তারিত বিষয় জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে সাধারণত বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন করা হয়। এ ধরনের প্রশ্নের সাহায্যে অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন যাচাই করা হয়। প্রশ্ন পত্রে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন কম থাকবে। মোট প্রশ্নের ২০% এর বেশি এ ধরনের প্রশ্ন কোন অবস্থাতেই হবে না।
লেখক:মাস্টার ট্রেইনার ও প্রশিক্ষক- সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তর পত্র মূল্যায়ন (কলেজ পর্যায়)।
যেকোনো মতামত জানাতে ০১৭১৪৭০৫৭২৭ অথবা ইমেইল [email protected]
