কবিতায় বঙ্গবন্ধু
কবিতায় বঙ্গবন্ধু— একখানি কবিতা ও গানের গ্রন্থ। গ্রন্থটি বাংলাদেশ শিশু একাডেমীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুগ্রন্থমালার সাত নম্বর বই। বইটি গতবছর জুন মাসে প্রকাশিত হয়েছিলো। বইটিতে রয়েছে বঙ্গবন্ধু নিবেদিত কবিতা ও গান। আর এগুলো লিখেছেন দুই বাংলার নামজাদা কবি ও গীতিকারবৃন্দ। সংকলিত ছড়া-কবিতা বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা-ভালোবাসা এবং ১৫ আগস্টে তাঁর শাহাদত বরণের করুণ চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নিবেদিত অনেক কবিতাই বাঙালির প্রাণের শ্রদ্ধার্ঘ্য। এটিতে যারা লিখেছেন তাদের মধ্যে অন্নদাশঙ্কর রায়, কবীর চৌধুরী, শামসুর রাহমান, মযহারুল ইসলাম, আবদুল গাফফার চৌধুরী, মোহাম্মদ মনিরুজ্জামান, আবুল হোসেন, সৈয়দ শামসুল হক, আবুবকর সিদ্দিক, কায়সুল হক, গোবিন্দ হালদার, শামসুল ইসলাম, বেলাল চৌধুরী, দক্ষিণারঞ্জন বসু, মুহাম্মদ নূরুল হুদা, রফিকুল হক, হায়াত্ মামুদ, ফজলুল হক সরকার, ত্রিদিব দস্তিদার, আখতার হুসেন, আলতাফ আলী হাসু, ইয়াসেফ ওসমান, আবু আসাদ, বুলবুল মহলানবীশ, বিমল গুহ, ফারুক নওয়াজ, আসলাম সানী, সুজন বড়ুয়া, লুত্ফর রহমান রিটন, জাফর ওয়াজেদ, আবু হাসান শাহরিয়ার, মুস্তাফা মাসুদ, আহমাদ মাযহার, কাজী কেয়া, আমিনুর রহমান সুলতান, তপন বাগচী, বাদল ঘোষ, ফয়সাল শাহ, ওয়াসিফ-এ-খোদা, হানিফ খান, মালেক মাহমুদ, গৌরীপ্রসন্ন মজুমদার, আবদুল লতিফ, শহিদুল ইসলাম, শ্যামলগুপ্ত, মোশাদ আলী মোমতাজ আলী খান প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখ্য। গ্রন্থটির প্রতিটি লেখায় রয়েছে অলঙ্করণ। এগুলো এঁকেছেন শিল্পী হাশেম খান ও সোহাগ পারভেজ। গ্রন্থটিতে বড়দের উপযোগী কিছু গদ্য কবিতা সংকলন করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তবুও গ্রন্থটি সকলের কাছে আদৃত হবে।
জনকের গল্প
জনকের গল্প মনি হায়দারের লেখা একখানি গল্পগ্রন্থ। মনি হায়দার ছোটদের জন্য লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে এবং ছোটদের জন্য তার বেশ ক’টি বই প্রকাশিত হয়েছে। আলোচ্য বইটি আমার বন্ধু রাসেল গল্পটি ছাড়া বাকি গল্পগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। সংকলিত গল্পগুলো বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনার আলোকে লেখা এবং বাস্তবধর্মী। গল্পগুলো হলো: বত্রিশ নম্বর, রাত পোহালেই পনেরোই আগস্ট, ডানপিটে, শেখ মুজিবের পতাকা, শেখ মুজিব ও তিন প্রজন্ম এবং শেখ মুজিবের সংগে একদিন। শেখ মুজিবের সংগে একটি এই বইয়ের শ্রেষ্ঠগল্প। সহজ-সরল ভাষায় মনি হায়দার বঙ্গবন্ধুকে দেখার একটি চমত্কার বিবরণ দিয়েছেন ইমরানদের মাধ্যমে। আমার বন্ধু রাসেল গল্পটি মন্দ নয়। জনকের গল্প প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমী থেকে। বইটির অঙ্গসজ্জা করেছেন মোমিনউদ্দিন খালেদ। শোভিত মুদ্রণের এ বইটির মূল্য আশি টাকা। বইটি কিশোর ও বড়োদের কাছে আদৃত হবে। রোকসানা ফেরদৌস।
