স্মার্টফোন এবং ক্যামেরার বাজারে জাপানের জায়ান্ট সনি একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবেই সুপরিচিত বিশ্বজুড়ে। সম্প্রতি তারা ‘লেন্স জি’ ব্র্যান্ডনামে দুইটি নতুন মডেলের লেন্স-ক্যামেরা তৈরির কথা জানিয়েছে। এর বিশেষত্ব হচ্ছে একটি স্মার্টফোনের সাহায্যেই পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করা যায় এই লেন্স-ক্যামেরাকে। যেকোনো স্মার্টফোনের সাথেই জুড়ে দেওয়া যায় একে। আর এই লেন্স-ক্যামেরার মধ্যেই একটি ক্যামেরার সব ধরনের ফিচার সংযুক্ত করা হয়েছে। লেন্স, সেন্সর, প্রসেসর, মেমোরি কার্ড—সবকিছুই রয়েছে এই লেন্সে। ফলে বাড়তি আর কোনোকিছু ছাড়াই স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে একে এবং ব্যবহার করা যাবে পূর্ণাঙ্গ একটি ক্যামেরা হিসেবেই। মজার বিষয় হচ্ছে, স্মার্টফোনের সাহায্যে তো বটেই, স্মার্টফোন ছাড়াও শুধু লেন্স-ক্যামেরাটি দিয়েই তোলা যাবে ছবি। এর দাম সম্পর্কে অবশ্য এখনও কিছু জানায়নি সনি।
