ধার্যকৃত চাঁদা না দেয়ায় যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে এক ব্যবসায়ীর উপর বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরিত বোমায় উক্ত ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। গত রবিবার রাত ১০ টার সময় উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকার শাহ্ আলী বেকারির মালিক শংকরপাশা গ্রামের আলহাজ্ব সরোয়ার আলীর (৫০) কাছে চাঁদাবাজরা মোবাইল ফোনে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা পরিশোধ না করায় তাকে বেশ কয়েকবার হত্যার হুমকিও দেয়। চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে ওই ব্যবসায়ী ঈদের ৩/৪ দিন আগে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এতে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা তার উপর বোমা হামলা চালায়। এ সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি রাস্তার উপর পড়ে গেলে তার বাম পা-টি ভেঙ্গে যায়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ কাজী আব্দুস ছালেক বলেন, ‘আমরা চাঁদাবাজদের শনাক্ত করে আটকের চেষ্টা করছি।’
