“এ জনমে না হলেও পরজনমে তুমি আমার” প্রেমিক-প্রেমিকার এ শাশ্বত উক্তিই যেন ঠিক হয়েছে ডিমলার নির্জন পল্লী পূর্ব খড়িবাড়ী জিংগির পাড়া গ্রামে। স্কুল পেরুনো প্রেমিকা আর কলেজ পড়ুয়া প্রেমিকের মেলামেশায় পরিবারের লোকজন বাদ সেধে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করায় উভয়ে একই রশিতে সহমরণের পথ বেছে নেয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের জিংগিপাড়া গ্রামে। ওই গ্রামের ময়নুদ্দিন আহমেদের কন্যা সদ্য এসএসসি পাস করা আমেনা বেগমের (১৬) সাথে একই গ্রামের হারানের পুত্র হাতিবান্ধা ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র রাসেদের (১৭) মন দেয়া-নেয়া দীর্ঘদিনের। এলাকাবাসী জানায়, আমেনার পিতামাতা বিষয়টি মেনে নিতে না পারায় পাশের গ্রাম রহমানগঞ্জের নূরু মিয়ার পুত্র কবির হোসেনের সাথে আমেনার বিয়ে ঠিক করেন। গতকাল মঙ্গলবার ছিল আমেনার বিয়ের দিন। কিন্তু বিয়ের আগের দিন সোমবার রাতের কোন এক সময় আমেনা ঘর থেকে বেরিয়ে যায় এবং বাড়ির সামান্য দূরের একটি রেন্ট্রিকড়ই গাছে প্রেমিক রাসেদসহ কোমরে এক সাথে ওড়না বেঁধে একই দড়িতে গলায় ফাঁস দেয়। গতকাল সকালে এলাকাবাসী তাদের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
