নেত্রকোনা জেলা কমিটি সদর বিএনপির কমিটি বিলোপ করেছে। কেন্দ্রীয় কমিটির সদস্যসহ জেলা বিএনপির ৫ সদস্যকে কারণ দর্শাতে নোটিস দিয়েছে।
গত সোমবার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খান এবং সম্পাদক আবু তাহের তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ আগষ্ট রবিবার জেলা বিএনপির কার্যকরি কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কার্যকলাপ, কমিটির নিষ্ক্রিয়তা এবং কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সদর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
একই সভায় কেন্দ্রীয় কমিটি ও জেলা বিএনপির সদস্য এবং ঢাকা জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুজিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারি ড্যানী এবং জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান দুদুকে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কেন দল থেকে বহিষ্কার করা হবে না ৭ দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।
এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মাহফুজুল হক এবং কেন্দ্রীয় নেতা খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, গতকাল বিকাল পর্যন্ত তিনি কোন নোটিস পান নাই, তবে জেলা কমিটি যদি এ ধরনের কোন সিদ্ধান্ত নিয়ে থাকে তবে তা বেআইনী এবং গঠনতন্ত্র বিরোধী। কারণ জেলা কমিটির এ ধরনের কোন পদক্ষেপ নেবার অধিকার নেই।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং ৫ নেতাকে কারণ দর্শানো নোটিস জারির ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিকালে বিএনপি, ছাত্রদল এবং যুবদলের দুই বিবদমান গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
