গাইবান্ধায় গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন
গাইবান্ধা প্রতিনিধি \ বিশিষ্ট শিক্ষক ও লেখক অধ্যাপক মাজহারউল মান্নানের লোক-ঐতিহ্য বিষয়ক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন হয় গত সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুর রহমান। বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ রমজান আলী, শাহ্জাদা আনোয়ারুল কাদির, মোঃ মামুনুর রশীদ, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি গোবিন্দলাল দাস প্রমুখ।
কসবায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদরাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ফারুক মিয়া (১৮) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার কারাদণ্ড দিয়েছেন প্রথম শ্রেণির নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। সাজাপ্রাপ্ত ফারুক মিয়া কসবা থানা হাজতে রয়েছে।
মৌলভীবাজারে বই পেলো ৫০ জন শিক্ষার্থী
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ শিক্ষার্থীর হাতে এক সেট করে নতুন বই তুলে দিলো স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ‘অনির্বাণ’। গত সোমবার মৌলভীবাজার সেন্ট্রালরোডে একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে বই বিতরণ উপলক্ষে সামাজিক সংস্থা অনির্বাণের সভাপতি মির্জা তারেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম আকবর, জেলা শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক হাসান আহমেদ জাবেদ প্রমুখ।
ডোমারে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় গ্রাম আদালত কার্যকরিকরণে উপজেলা পর্যায়ে অংশগ্রহণমূলক দিনব্যাপী কমিউনিটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় দিনব্যাপী কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে ইএসডিও’র জেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, সহকারী প্রজেক্ট সমন্বয়কারী (এপিপি) জোবায়দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উলিপুরে ব্র্যাকের অনুদান বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাকের ব্লক পর্যায়ের কৃষকদের মাঝে অর্থ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান হয়েছে। গত সোমবার ব্র্যাক উপজেলা অফিস হলরুমে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম। উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার বিমল কুমার দে প্রমুখ।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসির মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম প্রথম কর্ম দিবসে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। এর আগে উপাচার্য প্রফেসর ড.মোহিত উল আলম শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি এবং এর পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
আমতলীতে ছালাম মুন্সি হত্যাকারীদের শাস্তি দাবি
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলীর নাচনাপাড়া গ্রামের ইট ভাটার মালিক ছালাম সুন্সি হত্যাকারী খুনিদের ফাঁসির দাবিতে গত সোমবার আমতলী-কলাপাড়া সড়কের আমতলী হাসপাতাল চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, মো: হিমু গাজী ও ছাত্রলীগ নেতা মো:বাদল মুন্সি প্রমুখ।
নগরকান্দায় ওলামাদলের কর্মী সভা
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দা উপজেলা ওলামাদলের কর্মী সভা গত সোমবার উপজেলার লস্করদিয়া কে এম ওবায়দুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন জিলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু, সহ-সভাপতি হাবীবুর রহমান তালুকদার, শাহ মশিউর রহমানসহ নেত্রীবৃন্দ।
কুমিল্লায় জাল টাকাসহ ১ জন গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় জাল টাকাসহ মনিরুল ইসলাম মমিন (২৮) নামের এক সিন্ডিকেট সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। কুমিল্লা ডিবি পুলিশের এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার গভীর রাতে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন ময়নামতি সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৫৫টি জাল নোট উদ্ধার করা হয়। ডিবি’র এসআই হেলাল উদ্দিন জানান, মমিন ঢাকার যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকার জাল টাকার ব্যবসায়ী নজরুল-রাব্বী সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
ডিমলায় ব্র্যাকের মতবিনিময় সভা
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমিতে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি ব্র্যাকের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল করিম, রাহিয়া সরকার, ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির প্রমুখ।
পীরগঞ্জে কারিতাসের আলোচনা সভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ‘বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বেসরকারি সংস্থা কারিতাস, বাংলাদেশ-এর উদ্যোগে গত বুধবার দুপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বীরগঞ্জ এরিয়া অফিসের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর জগেশ হাসদা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাসের দিনাজপুর এরিয়া অফিসে আলোঘর প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রশান্ত রোজারিও প্রমুখ।
ভেড়ামারায় পাউবো’র কৃষক সমাবেশ
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের ২ নং ব্রিজ সংলগ্ন বটতলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচ সার্ভিস চার্জ আদায়ের লক্ষ্যে গত মঙ্গলবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুলাল মন্ডল। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচ প্রকল্পের উপ-প্রধান সমপ্রসারণ কর্মকর্তা আয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচ প্রকল্পের সমপ্রসারণ কর্মকর্তা আঃ মতিন প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে কোয়ালিশন গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পৌরসভা কক্ষে পল্লী উন্নয়ন প্রকল্প আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, পৌর প্যানেল মেয়র বাবলুর রহমান, প্রেসক্লাব সভাপতি আখতার হোসেন রাজা, পৌর কাউন্সিলর দ্রৌপ্রদি দেবী আগারওয়ালা, সাজু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার ঘোষ প্রমুখ।
রায়পুর প্রেসক্লাবে মতবিনিময় সভা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ সোমবার সন্ধ্যায় রায়পুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময়কালে সাংবাদিকগণ উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকাসক্তদের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
মহেশপুরে জেলা প্রশাসকের মতবিনিময়
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল ঝিনাইদহের জেলা প্রশাসক শফিকুল ইসলাম মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে মতবিনিময় করেছেন। ইউএনও নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিজিয়া খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষক সাচ্চু রহমান, আলমগীর কবির প্রমুখ।
রায়গঞ্জে স্বেচ্ছাসেবক লীগের জনসভা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে স্বেচ্ছাসেবক লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফেরদৌস সরকার (ভিপি) শামীমের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারী গোলাম সরোয়ার লিটনের সঞ্চালনায় চান্দাইকোনা বাজার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কলেজের শিক্ষক চৌধুরী ডাঃ মোঃ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা ও ল্যাব এইড পরিচালক ডাঃ মোঃ আলী আরবার।
বগুড়ায় বিইউপিএফ’র সংবাদ সম্মেলন
বগুড়া প্রতিনিধি \ ইউপি চেয়ারম্যানদের সম্মানজনক পদমর্যাদা নির্ধারণ ও চেয়ারম্যান-মেম্বারদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবি আদায়ে আগামী সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) রাজশাহী বিভাগীয় কমিটি গত সোমবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে। বিইউপিএফ কেন্দ্রীয় সভাপতি মাহাবুবুর রহমান টুলুর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি ঘোষণা করেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সৌপ্তিক আহম্মেদ মিঠু। এসময় বিভাগীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন মুকুলসহ রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় পৌরসভার উপনির্বাচন সম্পন্ন
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় পৌরসভার ৮ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল ইসলাম। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ফুটবল প্রতীকে ৫২৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হোসেন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৫ ভোট। আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।
সুন্দরগঞ্জে জাসদের কৃষক ফ্রন্টের মানববন্ধন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় ঘুষ-দুর্নীতি, অনিয়মের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল কৃষক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার কৃষক ফ্রন্ট এক বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে ঘুষ-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক ফ্রন্ট নেতা বীরেন্দ্র নাথ শীল, নিতাই চন্দ্র প্রমুখ।
পাটকেলঘাটা জামায়াতের আমীর গ্রেফতার
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা জামায়াতের আমীর অধ্যাপক গাজী সুজায়েত আলীকে (৫২) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পাটকেলঘাটা নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) নিকুঞ্জ বিহারী কুন্ডু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জামায়াতের আমীর গাজী সুজায়েত আলী থানার সাবেক ওসি মোঃ আক্তারুজ্জামান হত্যা প্রচেষ্টা মামলার অন্যতম আসামি। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শেরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী
শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলেরর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার বিকালে শেরপুর বাসস্ট্যাণ্ডস্থ দলীয় কার্যালয় থেকে এক র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ময়দানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ার, হাসানুল মারুফ শিমুল, আরিফুর রহমান মিলন, জেলা হেফাজত নেতা ইঞ্জিনিয়ার শামছুল আলম প্রমুখ।
গোমস্তাপুরে অদ্ভুত আকৃতির মৃত যমজ সন্তান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অদ্ভুত আকৃতির মৃত যমজ সন্তান প্রসব করেছে এক প্রসূতি মা। গত সোমবার সকালে রহনপুরস্থ আল-হেরা ক্লিনিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নামো কাঞ্চনতলা গ্রামের বাদল আলীর স্ত্রী মেরিনা খাতুন (২৬) প্রসব বেদনা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হলে চিকিত্সক দ্রুত তার সিজারিয়ান অপারেশন করেন। পরে অদ্ভুত আকৃতির দু’টি জোড়া লাগা মৃত শিশু জন্ম নেয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোনাতলায় মত্স্য পোনা অবমুক্ত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গত সোমবার সোনাতলার দিগদাইড় ইউনিয়নের মহিচরণ বিলে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মত্স্য পোনা অবমুক্ত করেন। এ সময় তার সাথে ছিলেন বগুড়া জেলা মত্স্য কর্মকর্তা ক্ষিরোদ কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, সংসদ সদস্য পত্নী সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পু, উপজেলা মত্স্য কর্মকর্তা শামীমা আকতার প্রমুখ।
ঠাকুরগাঁওয় দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনায় এনামুল (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা গেছে, দিনাজপুর থেকে একটি মালবাহী ট্রাক দ্রুতগতিতে আসার সময় সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। এ সময় স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপি ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গুড়ায় সাপের কামড়ে গৃহকর্ত্রীর মৃত্যু
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সাপের কামড়ে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের শাহ্নগর গ্রামে এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মোমেনা খাতুন (৪৫)। গৃহকর্তা ইমান আলী জানান, গরমের কারণে তার স্ত্রী মোমেনা মাটির মেঝেতে শুয়েছিল। ভোররাতে একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। চিকিত্সকের পরামর্শে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
