বার্সার মুখোমুখি ভিয়া

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:০১
অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে ছাড়াই প্রথম ম্যাচে ৩-১ গোলে সেভিয়ার বিপক্ষে জয়ের পর এখন তাদের পরবর্তী প্রতিপক্ষ হিসেবে বুধবার পাচ্ছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। স্ট্রাইকার ডেভিড ভিয়ার জন্য খেলাটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা স্পেনের হয়ে সর্বকালের সর্বাধিক গোলদাতা ভিয়া শুধু খেলার সুযোগ পেতেই বার্সেলোনা থেকে মামুলি ট্রান্সফার ফিতে অ্যাতলেটিকোয় যোগ দেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েগো কোস্টার দুই গোলে প্রথম ম্যাচে ভিয়ার অভিষেকটা ততটা উজ্জ্বল হয়নি। কোস্টা বিশ্বাস করেন ভিয়া দলে আসায় কলম্বিয়ান তারকা ফ্যালকাওর অনুপস্থিতি পুষিয়ে নিতে পারবে অ্যাতলেটিকো। গত দুই মৌসুমে অ্যাতলেটিকোর হয়ে ৭০ গোল করা ফ্যালকাও জুনে দল ছেড়ে মোনাকোতে যোগ দেন। ভিয়া সম্পর্কে কোস্টা বলেন, ‘ফ্যালকাও একজন অসাধারণ খেলেয়াড়। তাই সকলেই তার অনুপস্থিতি অনুভব করছে। কিন্তু আমাদের দলে ভিয়ার মত একজন বিশ্বমানের খেলোয়াড় যোগ দিয়েছেন। আমরা তার প্রতিভা সম্পর্কে জানি। আমি মনে করি যে ধরনের গুণাবলী তার মধ্যে রয়েছে সেটা দিয়ে সে অ্যাতলেটিকোকে অনেক কিছু দিতে পারবে।’ ভিয়া বার্সেলোনার হয়ে নৈপুণ্যের ধারাবাহিকতা দেখাতে পারেননি। তবে নতুন মৌসুমে তিনি সাবেক ক্লাবের বিপক্ষে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন। লিওনেল মেসির সাথে মাঠের ভিতরে কিছুটা সমস্যা হওয়ায় এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে দলে ভেড়ানোয় বার্সেলোনা ছেড়ে যান ভিয়া। এখন ভিয়ার সামনে সুযোগ এসেছে মূল একাদশে নিজেকে নিয়মিত করার পাশাপাশি পুরোনো গৌরব ফিরিয়ে আনা। এখন দেখার পালা ভিয়া কিভাবে নিজেকে মেলে ধরেন। বাসস/এএফপি