যে হরতাল রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেয়; যে হরতাল দেশের হাজার হাজার কোটি টাকার সহায়-সম্পত্তির ক্ষতি সাধন করে; সে হরতাল কেন নিষিদ্ধ হচ্ছে না? হরতালের কর্মসূচি অতীতে দেশ ও জাতির যে ভয়ানক ক্ষতি করেছে এবং বর্তমানে করছে অন্য কোনো কর্মসূচি সে রকম ক্ষতি করতে পারেনি বা এখনো পারছে না। অথচ ভয়ানক ক্ষতিকারক এ হরতালকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছেন জনদরদি রাজনীতিকরা দলীয় হীনস্বার্থে। গণতান্ত্রিক অধিকার নামক হরতাল দেশের জনগণ না চাইলেও রাজনৈতিক নেতারা চান এ কর্মসূচি যুগ যুগ ধরে বেঁচে থাক। জনগণের সরাসরি ভোটে অতীতে আওয়ামী লীগ-বিএনপি ক্ষমতায় এলেও দেশ ও জনগণের স্বার্থে হরতাল নিষিদ্ধ করেনি, এখনো করছে না। প্রত্যেক সরকারের আমলে বিরোধী দল বিভিন্ন দাবি-দাওয়ার নামে হরতালকে অস্ত্র হিসেবে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করে আসছে। বিরোধী দল ‘হরতাল’কে প্রিয় মনে করে আর সরকারি দল ক্ষতিকারক হিসেবে মনে করে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে হরতালকে ক্ষতিকারক মনে করে আর বিরোধী দলে থাকলে প্রিয় মনে করে।
ঢাকা
