যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোন সামরিক ঘাঁটি করবে না। এমন কোন পরিকল্পনাও নেই। দ্ব্যর্থহীনভাবে একথা আবারো জানালেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র সেনা কর্মকর্তা। গতকাল মঙ্গলবার ঢাকায় এক গোলটেবিল আলোচনায় ঐ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে আগ্রহী। এজন্য সব ধরনের সহায়তা দেয়া হবে। মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডিং জেনারেল ভিনসেন্ট কে ব্রুকস একথা বলেন। মিরপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউটে এক গোলটেবিল বৈঠকে তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও নিয়মিত আলোচনা ও সহযোগিতা বাড়ানো হবে। বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে যুক্তরাষ্ট্র অংশীদার হতে চায়।
দুর্যোগের সারা বিষয়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করতে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বি গেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (জয়েন্ট অপারেশন্স) ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ খান ও ইউএস প্যাসিফিক কমান্ডের মোবিলাইজেশন সহকারি মেজর জেনারেল ডারেল এল ম্যুর, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র রায় বক্তব্য রাখেন।
