অবিলম্বে খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ ফ্যাক্টরি ও খুলনা-ঢাকা নৌরুটে বন্ধ হয়ে যাওয়া স্টিমার সার্ভিস চালুর দাবি জানিয়েছে খুলনা মহানগর জাতীয় পার্টি (জেপি) নেতৃবৃন্দ। সোমবার দলটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ দাবি জানান। নগরীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেপি’র খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন আজাদ। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শরীফ শফিকুল হামিদ চন্দন, শ্রমিক নেতা আলহাজ্ব লোকমান হাকিম, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মুন্সি হেকমত আলী, জেপি’র কেন্দ্রীয় নেতা শহিদুজ্জামান, জেলা শ্রমিক লীগের ভাইস চেয়ারম্যান এস এম আসাদুজ্জামান, কাওসার আজাদ, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের হারুনার রশিদ, দাদা ম্যাচ ওয়ার্কস ইউনিয়নের সভাপতি মো. দিলখোজ, বাকের আহমেদ, আওয়ামী ওলামা লীগ নেতা ক্বারী শরীফ মিজানুর রহমান, কাজী মাসুদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বতর্মান রাজনৈতিক সংঘাতময় প্রেক্ষাপটে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা সম্ভব নয়। উন্নয়নের জন্য দরকার মানবিক মূল্যবোধসম্পন্ন সুষ্ঠু ধারার রাজনীতি, পরিকল্পিত উন্নয়ননীতি ও সত্ মানসিকতার দিকনির্দেশনা। আর এটা জাতীয় পার্টির (জেপি) পক্ষেই সম্ভব। তারা বলেন, আমাদের দল ক্ষমতায় গেলে অবশ্যই দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে জনকল্যাণ ও দেশ গড়ার সংগ্রামে নিজেদের আত্মনিয়োগ করবে।
