আপনার নকল চুলই উড়ে যাবে

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:২৪
আন্দোলনে সব চুল উড়ে যাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সংবিধান থেকে আমরা একচুলও নড়ব না। আর আপনি তার জবাবে অশালীন ভাষায় বললেন, আন্দোলনের বাতাসে সব চুলই উড়ে যাবে। আপনার জন্মদিনও ভুয়া, চুলও নকল। আপনার নকল চুলই উড়ে যাবে। গতকাল মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই দলকে আপনি পরাস্ত করতে পারবেন না। কারণ আওয়ামী লীগ কোন জেনারেলের পকেট থেকে বের হওয়া সংগঠন নয়। আমাদের গণভিত্তি রয়েছে। জনগণই আমাদের সকল শক্তির উত্স। মোহাম্মদ নাসিম বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে আমরাও সাংগঠনিক সফরে পাড়া-মহল্লায় যাবো। আপনাদের ধ্বংসাত্মক রাজনীতি প্রতিরোধে আমরাও রাজপথে থাকবো। আগামী জানুয়ারিতে সংবিধান মোতাবেকই নির্বাচন হবে। সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। তিনি বলেন, সংবিধান বহির্ভূত পন্থায় কারো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীই আরেকটি নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। সংবিধান সংশোধনের ব্যাপারে আলোচনার জন্য আপনাকে বার বার বলা হয়েছিল কিন্তু আপনি তাতে কর্ণপাত করেননি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আপনাকে আলোচনার প্রস্তাব দিলেন, আর আপনি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বললেন, পালাবার পথও পাবেন না। সরকারকে আপনি দুর্বল ভেবে বার বার উপেক্ষা করেছেন আমাদের। মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনের কেক কেটে সকল আলোচনার পথ বন্ধ করেছেন। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও দক্ষিণ যুবলীগের নেতৃবৃন্দ।