কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্রকৌশল অনুষদের দাবিতে আবারো আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। এ দাবিতে গতকাল মঙ্গলবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী সোমবার পর্যন্ত সময় নিয়েছে। সোমবারের মধ্যে দাবি না মানা হলে লাগাতার আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। প্রকৌশল অনুষদের দাবিতে ২০১১ সালে প্রথম আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আগামী বাজেটে বিষয়টি বিবেচনা করা হবে বলে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তখন আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। এ বছর মে মাসে সর্বশেষ ক্যাম্পাসে মিছিল, মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরোধসহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদের কাছ থেকে তিন মাস সময় নেয় প্রশাসন। শিক্ষার্থীদের এ আন্দোলন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রায়হান উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি এখন শিক্ষা মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে।
