গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রাজাবাড়ী বাজারের পাশে এক যুবলীগ নেতার রগ কর্তন করেছে একই দলের প্রতিপক্ষরা। এলাকাবাসী জানায়, গত ১৩ আগস্ট রাজাবাড়ী ব্রিজের পাশে মোটরসাইকেল আরোহী নব দম্পতির নিকট থেকে ছিনতাইকৃত মালামালের বাটোয়ারা নিয়ে স্থানীয় কথিত কতিপয় যুবলীগ নেতাকর্মীদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তারই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে মঙ্গলবার রাজাবাড়ী থেকে চিনাশুখানিয়া যাওয়ার পথে সাবেক ইউপি সদস্য চানু মেম্বারের বাড়ির পাশে পৌঁছা মাত্রই ৪/৫টি মোটরসাইকেল দিয়ে প্রতিপক্ষের কয়েকজন কথিত সন্ত্রাসী ও যুবলীগ নেতা রোমেল ওরফে রুমানকে (২৫) আটক করে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে ফেলে। সংবাদ পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত রোমেলকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এ কামাল ঘটনাটির সত্যতা স্বীকার করেন। এখানে উল্লেখ্য, আহত রোমেল ওরফে রুমানের প্রকৃত বাড়ি চট্টগ্রামে। পুলিশ জানায়, রোমেল ওরফে রুমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
