বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, আমরা জানি আপনারা এক চুলও নড়বেন না। কারণ এক চুল সরে নির্দলীয় নিরপেক্ষ সরকার আনলে আপনারা ক্ষমতা থেকে যোজন যোজন দূরে ছিটকে পড়বেন। তাই আপনারা ক্ষমতায় টিকে থাকার জন্য নিজেদের ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করে বিধি বিধান তৈরি করেছেন। তিনি বলেন, দেশ আজ অন্ধকারে নিমজ্জিত। কারণ এই সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে চান। আর তাই দেশের মানুষ অবরুদ্ধ, নিপীড়িত, খুন, অযথা গ্রেফতার হচ্ছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, বর্তমান সরকার ভোট কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। তাই এ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা হবে আত্মহত্যার শামিল।
মির্জা ফখরুল বলেন, সরকারের সবাই এতো উন্নয়নের কথা বলছেন, তারপরও পাঁচ সিটি নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। তার একটি মাত্র কারণ সরকার জনগণের চোখের ও মনের ভাষা বুঝতে পারছে না। তিনি বলেন, সরকারের ক্ষমতা ধরে রাখার উগ্র বাসনা দেশকে অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ভয়ঙ্কর দানবীয় শক্তিতে জনগণের উপর চেপে বসেছে। এ অবস্থা থেকে আমরা মুক্তি চাই।
তিনি বলেন, জনগণ জেগে উঠেছে। খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। এবং তা সময় মতোই হতে হবে। না হলে জনগণের আন্দোলনে ক্ষমতায় থাকার স্বপ্নসাধ চিরতরে ভেঙ্গে যাবে।
তিনি বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন সেই নেতা যিনি চরম দু:সময়ে খালেদা জিয়ার পাশে থেকে দলের হাল ধরেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এবং বিএনপিকে সঠিক নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় নিয়ে গিয়েছিলেন। বিএনপিতে তার অবদান অপূরণীয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.এমাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট আহমেদ আযম খান, মীর নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ। এম কে আনোয়ার বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তোরণের একমাত্র উপায় অবাধ সুষ্ঠু নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত দেশের মানুষ নির্বাচন প্রতিরোধ করবে।
